রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিগারেট বাকিতে না দেওয়ায় এক দোকানদারকে বেধড়ক পিটিয়েছে শেখ সিয়ামসহ তিনজন ছাত্রলীগ কর্মী। তারা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর অনুসারী বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে ক্যাম্পাস ফুড কর্নারে এই ঘটনা ঘটে।
ছাত্রলীগ কর্মী শেখ সিয়াম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। মারধরের শিকার দোকানদার শাহ আলম (৪৭) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের ‘ক্যাম্পাস ফুড কর্নার’র স্বত্বাধিকারী।
নির্যাতিত দোকানদার জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাত্রলীগের এক কর্মী তার কাছে সিগারেটের জন্য আসেন। তিনি বলেন, সিগারেট নিতে হলে আগে টাকা দিতে হবে। আমি বাকিতে সিগারেট দেব না। তখন ওই ছাত্রলীগ কর্মী বলেন, আমাকে মিশু ভাই পাঠিয়েছেন। আমি তাকে বলি যেই পাঠাক বাকিতে সিগারেট দেওয়া যাবে না। তখন সে দোকান ত্যাগ করে। পরে সে আরও তিনজনকে নিয়ে এসে আমাকে বলে তুই মিশু ভাইকে চিনিস? এটা বলেই তারা আমাকে দোকানের ভেতরে ঢুকে মারধর করে।
এ বিষয়ে অভিযুক্ত সিয়ামের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।












