আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বর্তমান বিএনপি নেতা গোলাম মাওলা রনির পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বাজারের দোতলা বাড়িটি ভেঙে ফেলেছে স্থানীয় প্রশাসন। সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করার অভিযোগে মঙ্গলবার (১৯ জুলাই) সকালে পটুয়াখালী জেলা প্রশাসন বাড়িটি ভেঙে দেয়।
পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনের এমপি ছিলেন।
উপজেলা প্রশাসনের দাবি, গোলাম মাওলা রনি উলানিয়া বন্দরে চান্দি ভিটার ওই জমি এক বছর মেয়াদে বন্দোবস্ত নিয়ে পাকা স্থাপনাসহ দোতলা ভবন নির্মাণ করে বসবাস করে আসছেন। সরকারি জমি থেকে সাবেক এই সংসদ সদস্যের স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। এর প্রেক্ষিতে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন এ অভিযান চালায়।
তবে গোলাম মাওলা রনি বলেন, এটা মূলত আমার বাবার বাড়ি। ১৯৬০ সাল থেকে আমরা এখানে বসবাস করছি। সংশ্লিষ্ট বিষয়ে হাইকোর্টে একটি রিট দাখিল করা হয়েছে। এরপরও কীভাবে তারা আমার বাড়িঘর ভাঙছে তা আমি জানি না। আগামীকাল আমি আদালতকে বিষয়টি অবহিত করব।











