রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘খুনি’ বলার কারণে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
তিনি বলেন, এ বক্তব্য ‘অগ্রণযোগ্য’। একজন রাষ্ট্রনায়কের মুখ থেকে এমন কথা মানায় না।
শুক্রবার (১৯ মার্চ) ইস্তাম্বুলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব বলেন।
এরদোগান বলেন, পুতিন সম্পর্কে বাইডেনের বক্তব্য প্রেসিডেন্টসুলভ হয়নি। আমার মতে পুতিন এ বক্তব্যের অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও দারুণ জবাব দিয়েছেন এবং তার এমনটি করাই উচিত ছিল।
সম্প্রতি মার্কিন নিউজ চ্যানেল এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেনকে জিজ্ঞাসা করা হয় তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘খুনি’ ভাবেন কিনা? জবাবে বাইডেন বলেন, ‘হ্যা আমি তাই ভাবি।’ মার্কিন প্রেসিডেন্টের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় পরামর্শ করার জন্য মস্কো ওয়াশিংটন থেকে নিজের রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠায়।
তবে পুতিন ব্যক্তিগতভাবে ৭৮ বছর বয়সি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ‘সুস্থতা’ কামনা করে তার প্রতিক্রিয়া জানান। পুতিন বাইডেনকে নিয়ে উপহাসমূলক বক্তব্য দিয়ে বলেন, আমি আমার বাল্যবেলার কথা স্মরণ করতে পারি যখন আমরা যুক্তি দিতাম- নিজে যেমন অন্যকে সে তেমনই ভাবে। আসলে এই কথা কোনো কাকতালীয় বিষয় নয়, এটি কোন শিশুর কথা নয়, কিংবা কৌতুক নয়।











