চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়ে মিরসরাই উপজেলার কয়েকটি স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) সকালে চট্টগ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে এ ঘটনা ঘটে। নিহত রিনা আক্তার (৩৮) স্থানীয় শাহ আলমের স্ত্রী।
রিনা আক্তারের মৃত্যুর বিষয়ে কাঞ্চননগর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম বলেন, সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। রিনা বাড়ির পাশের একটি জায়গা থেকে গরু আনতে গিয়েছিলেন। এসময় একটি গাছ ভেঙে তার মাথার উপরে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।











