বিশ্ববাজারে তেলের দাম অনেকটা স্থিতিশীল রয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) গ্রিনিচ মান সময় দুপুর ১২টা ৩৭ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের অক্টোবরের ফিউচার ২৫ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৮৭ ডলারে উঠেছে।
অন্যদিকে, আমেরিকার বাজারের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের সেপ্টেম্বরের ফিউচার ২ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৮১ ডলারে নেমেছে। তবে বেশি সক্রিয় অক্টোবরের ডব্লিউটিআই ফিউচার ১৪ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৫৩ ডলারে পৌঁছেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বেড়েছে। দিনের শেষে উভয় বেঞ্চমার্কের দাম ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
বর্তমানে বাজারের মূল আলোচনার বিষয় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের ভবিষ্যৎ পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা।
বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহণপথ হওয়ায় হরমুজ প্রণালিতে বড় ধরনের কোনো বিঘ্ন দেখা দিলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও দামের ওপর বড় প্রভাব পড়তে পারে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিনিয়োগকারীরা আমেরিকা-ইরান যুদ্ধের পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তার দিকে নজর রাখছেন।










