গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসন যুদ্ধবিরতি চুক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে সতর্ক করেছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধা আন্দোলন হামাসের প্রধান খলিল আল-হাইয়া।
তিনি বলেন, মঙ্গলবার থেকে এসব হামলা আরও তীব্র হয়েছে। বুধবার ফিলিস্তিনি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরাইলকে তার হামলা বন্ধ করতে বাধ্য করতে হবে এবং যুদ্ধবিরতি চুক্তিকে ভেঙে পড়ার হাত থেকে রক্ষায় কাজ করতে হবে।
বুধবার (১৯ আগস্ট) কুদস প্রেসের কাছে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
হামাস প্রধান বলেন, এসব হামলা প্রমাণ করে, ইসরাইল তার অপরাধমূলক নীতি চালিয়ে যাচ্ছে এবং মধ্যস্থতার সব প্রচেষ্টা ও দেওয়া নিশ্চয়তাকে উপেক্ষা করছে।
তিনি বলেন, এসব হামলা অব্যাহত থাকায় মধ্যস্থতাকারী ও গ্যারান্টিদাতা পক্ষগুলোর ওপর বড় ও নির্ণায়ক দায়িত্ব এসে পড়েছে।
বুধবার গাজ্জার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজ্জা শহরের কেন্দ্রস্থলে একটি পুলিশ স্টেশনে ইসরাইলি বিমান হামলায় মন্ত্রণালয়ের আট কর্মকর্তা এবং বাস্তুচ্যুত এক মেয়ে নিহত হয়েছেন।
২৪ ঘণ্টার মধ্যে গাজ্জায় এটি ছিল ইসরাইলি সামরিক বাহিনীর দ্বিতীয় হামলা।
মঙ্গলবার গাজ্জা শহরের পশ্চিমে জেলেদের বন্দরের ভেতরে একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরাইলি ড্রোন হামলায় এক শিশুসহ সাত ফিলিস্তিনি নিহত এবং আরও ১৪ জন আহত হন।
সূত্র: মিডল ইস্ট মনিটর










