spot_img
spot_img

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মোরসালিন (২৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মুহাম্মাদ বাচ্চু মিয়া এ তথ্য জানান।

বাচ্চু মিয়া বলেন, নিহত মোরসালিন রেডিমেড কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। রাজধানীর কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকায় থাকতেন তিনি। তার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।

নিহত মুরসালিনের ভাই নূর মোহাম্মদ বলেন, আমার ভাই নিউমার্কেটের একটি রেডিমেড কাপড়ের দোকানের কর্মচারী ছিল।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের দ্বিতীয় দিন মোরসালিন আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুরে স্ত্রী অনি আখতার মিতু এবং দুই মেয়ে সুমাইয়া ইসলাম লামহা (৭) ও আমির হামজাকে (৪) নিয়ে ভাড়া বাসায় থাকতেন মোরসালিন।

মোরসালিনের স্ত্রী অনি আখতার মিতু জানান, নিউমার্কেটে একটি শার্টের দোকানে মাসে ৯ হাজার টাকা বেতনে কাজ করতেন তার স্বামী। তা দিয়েই সংসার চলতো। প্রতিদিনের মতো মঙ্গলবার কাজের উদ্দেশ্যে সকালে বাসা থেকে বের হয়ে ফেরেনি মোরসালিন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ