পবিত্র হজ্ব পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৮০ হাজার ২৯৬ জন হাজি। এবার হজ্ব করতে গিয়ে এ পর্যন্ত ১১১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে হজ্বযাত্রী বহনকারী এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ্ব অফিসের বরাত দিয়ে হজ্ব পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ২০৯টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৯৩টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৮০টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৩৬টি।
হজ্ব শেষে বিমান, ফ্লাইনাস ও সৌদিয়া এয়ারলাইনসের মাধ্যমে দেশে আসা হাজিদের জমজমের পানি বিতরণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজিরা ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইনসের পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে। নিয়ম অনুযায়ী প্রতি হাজিকে পাঁচ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে বিমান।
এদিকে, এবার হজ্বে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ইন্তেকাল করেছেন ১১১ জন হজ্বযাত্রী। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ৮৬ জন, মহিলা ২৫ জন। তাদের মধ্যে মক্কায় ৯১, মদিনায় ৭, জেদ্দায় ১, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় ১ জন মারা গেছেন।











