আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দলের যে প্রত্যাশা তা পূরণে ব্যর্থ বিএনপি। তাই বিএনপি নেতারা নিজেদের অক্ষমতা আড়াল করতে পুরনো রেকর্ড বাজিয়ে যাচ্ছে। তবে শেখ হাসিনা সরকারও চায় দেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকুক।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা এখন আর নতুন কোনো বক্তব্য না পেয়ে পুরনো অভিযোগগুলোই বারবার নতুন করে বলছেন। অথচ জনগণও চায় একটি বিরোধী দল জনগণের চোখের ভাষা ও মনের ভাষা বুঝুক। যাদের রাজনৈতিক কর্মসূচি পালনের সক্ষমতা থাকবে, যারা জনগণের বিপদে-আপদে পাশে দাঁড়াবে ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং সরকারের গঠনমূলক সমালোচনা করবে।
তিনি বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে, বিএনপি নেতারা এখন রাজনীতি নয়, অফিশিয়াল দায়িত্ব পালন করছেন। ফরমায়েশি তথা নির্দেশিত হয়ে তারা বক্তব্য-বিবৃতি দিচ্ছেন, যার সঙ্গে দেশ ও জনগণের কোনো সম্পর্ক নেই।
সেতুমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে দেশের মানুষ জানে, শেখ হাসিনা ও আওয়ামী লীগ সবার আগে যেকোনো দৈব- দুর্বিপাকে জনমানুষের পাশে দাঁড়ায়। বিএনপি মানুষের পাশে না দাঁড়িয়ে মিডিয়ায় শুধু কথামালার ফুলঝুরি ছড়ায়। বিএনপির সুবিধাবাদী চরিত্র এবং ক্ষমতালিপ্সা জনগণের কাছে এখন স্পষ্ট থেকে স্পষ্টতর।











