আগামী ৩০ অক্টোবরের মধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয় থেকে আইসিটি মন্ত্রণালয়ে পাঠানোর কথা রয়েছে। এই তালিকা পেলে এ মাসেই ওই বয়সী শিক্ষার্থীদের টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, আমরা এখন অপেক্ষায় আছি নিবন্ধনের জন্য। নিবন্ধন আইসিটি বিভাগের মাধ্যমে হবে। শিক্ষা মন্ত্রণালয় তালিকা আইসিটি বিভাগকে দেবে। তারা তাদের সিস্টেমে নিয়ে নেবে। তখন থেকে শিক্ষার্থীরা নিবন্ধন করে টিকা নিতে পারবে। একবারে সব নিবন্ধন করা সম্ভব না। নিবন্ধন হতে থাকবে, আমরা টিকাও দিতে থাকব।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ এবং ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ এর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, টিকাদান কার্যক্রমের জন্য স্বাস্থ্য বিভাগ প্রস্তুত। স্কুলে যারা যায়— এমন শিক্ষার্থীর সংখ্যা এক কোটির বেশি। এদের জন্য তিন কোটি ডোজ টিকা লাগবে। আমাদের হাতে টিকা আছে।










