শেখ হাসিনা সরকার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন সংরক্ষিত আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা।
রোববার (২১ নভেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশ পাঠিয়ে চিকিৎসার দাবিতে বিএনপির এমপিদের মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, খালেদা জিয়াকে সরকার ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে।
তিনি বলেন, দেশে আইনের শাসন থাকলে খালেদা জিয়া এমনিতেই জামিন পেতেন। এখনও ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় সরকার খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারে। আইনমন্ত্রী যে ব্যাখ্যা দিচ্ছেন, তা সর্বৈব মিথ্যা অপব্যাখ্যা।










