ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আগে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ছিল ১৮ বছর। কিন্তু, মেয়েরা এখন আরো বেশি পড়াশোনার সময় চাইছে। ওই কারণে আমরা বিয়ের বয়স বাড়িয়ে ২১ করার চেষ্টা করছি।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) উত্তরপ্রদেশের এলাহাবাদে (প্রয়াগরাজ) বিজেপির এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মেয়েদের বিয়ের বৈধ বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার সিদ্ধান্তের সাফাই গাইতে গিয়ে সমাজবাদী পার্টি, কংগ্রেসসহ বাকি বিরোধী দলগুলোকে বিদ্রুপ করে মোদি দাবি করেন, নারীরা বুঝতে পেরেছেন, আর চার ঘরের দেয়ালে তাদের আটকে রাখা যাবে না।
উত্তর প্রদেশ নিয়ে মোদির দাবি, নারীরা আর আগের পরিস্থিতিতে ফিরে যেতে চান না। তারা আগের সরকার ফেরাতে চান না, যারা তাদের জন্য কিচ্ছু করেনি। আজ মহিলারা জানেন, কোন দল তাদের স্বার্থ পূরণ করবে।











