রাঙামাটি ও বান্দরবান সীমান্তবর্তী রাজস্থলী উপজেলায় দুই সন্ত্রাসী দ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (২২ মার্চ) সকালে উপজেলার গাইন্ধ্যা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সঙ্গে মগ লিবারেশন পার্টির (এমএলপি) মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটে।
বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের টাইঙ্গা পাড়া থেকে মগ লিবারেশন পার্টির ১২ থেকে ১৫ জনের একটি দল সীমান্তবর্তী রাঙামাটির রাজস্থলী উপজেলায় যাওয়ার পথে রাজস্থলীর গাইন্ধ্যা ইউনিয়নের বালুমুড়া সড়কের কেঁচিপাড়া এলাকায় জেএসএসের একটি গ্রুপ তাদের ওপর হামলা চালায়। এতে সশস্ত্র দুগ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
রাজবিলা ইউনিয়নের চেয়ারম্যান ক্যঅং প্রু জানান, তিনজনের মরদেহ পড়ে থাকার খবর শুনেছি। ঘটনাস্থল রাঙামাটির রাজস্থলী উপজেলার বালুমুড়া কেঁচি পাড়া এলাকায় পড়েছে।











