চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কমেন্ট করা নিয়ে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই গ্রুপের সদস্যরা। এসময় ছাত্রলীগ নেতাসহ দু’জন আহত হয়েছেন।
সেমাবার (২১ মার্চ) রাতে চট্টগ্রাম নগরীর হালিশহর থানার বি-ব্লক এলাকার এস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন-হালিশহর থানার ২৬ নম্বর ওয়ার্ডের ব্লিকের শওকত আলীর ছেলে নওশাদ আলী (২৫)। তিনি হালিশহর থানা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক। অপরজন একই এলাকার মো. আইয়ুবের ছেলে মো. হোসেন শুভ (২২)।
হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফেসবুকে কমেন্ট নিয়ে ঘটনা হয়েছে। তবে ছাত্রলীগের সঙ্গে ছাত্রলীগের নয়।
হাসপাতালে আহতদের নিয়ে আসা স্থানীয় বাসিন্দা মো. শরীফ বলেন, হালিশহর থানার বি-ব্লক এস ক্লাবের সামনে ছাত্রলীগ নেতা নাহিদ মজুমদারকে নিয়ে করা ফেসবুক পোস্টে কমেন্ট করেন আহত নওশাদ। সেই কমেন্টের সূত্র ধরে হালিশহর থানা ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়। এতে নওশাদ আলী ও মো. হোসেন শুভ গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখান থেকে হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।









