বিএনপির সরকার পতনের চলমান আন্দোলনে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে ঢাকায় ‘তারুণ্যের সমাবেশ’ শুরু হয়েছে।
আজ শনিবার (২২ জুলাই) দুপুর দুইটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার আগে থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেন।
বিএনপির তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
এরই মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সমাবেশস্থলে মঞ্চে আসন গ্রহণ করেছেন। সমাবেশস্থল থেকে বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিসহ অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে স্লোগান দিচ্ছেন।
সমাবেশে যোগ দিতে সকাল থেকেই নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে আসতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে নেতাকর্মীদের উপস্থিতি। দুপুর নাগাদ সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।










