তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির উদ্দেশ্য ভালো নয়। বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই তারা ময়দান ছেড়ে নয়াপল্টনের রাস্তায় সমাবেশ চায়।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীতে বিশ্বসাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয় এনজিওর তামাকবিরোধী মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ঢাকা শহরে এবং আশপাশে এত মাঠ থাকতে তারা নয়াপল্টনে সমাবেশ করতে চায়, উদ্দেশ্যে কি। নয়াপল্টনে সমাবেশ করার উদ্দেশ্য হচ্ছে গাড়ি ভাঙচুর করা যাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে, জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করা যাবে। এ উদ্দেশ্যে তারা নয়াপল্টনে পার্টি অফিসের সামনে ব্যস্ত রাস্তায় সমাবেশ করতে চায়। এর পেছনে হীন উদ্দেশ্য আছে।
তিনি বলেন, বিএনপি আমাদের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছিল, আমাদের বিভিন্ন সমাবেশে দেশব্যাপী বোমা হামলা চালিয়েছিল, বহু মানুষকে হত্যাও করেছিল। অথচ তাদের সভায় কী আজ পর্যন্ত একটি পটকা ফুটেছে। একটা সভা পণ্ড করতে দুটি পটকাই যথেষ্ট। যেদিন সভা হয় তার দু’তিনদিন আগে তিন-চারটা পটকা ফুটলেই তো সভা পণ্ড। আমরা সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা করছি, যাতে তারা ভালোভাবে সমাবেশ করতে পারে।










