জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত “ইউনাইটেড ন্যাশনস ফুড সিস্টেম+২ মোমেন্ট” শীর্ষক সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ইতালির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৩ জুলাই) ভোর ৫টা ৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (কিউআর-৬৪৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সফরে তার সাথে কয়েকটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন। সরকার প্রধানের রোম সফরে দেশটির সাথে দুটি সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ।
২৪ জুলাই খাদ্য ও কৃষি সংস্থার সদরদফতরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন সন্ধ্যায় ইউরোপের ১৫ দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত আঞ্চলিক দূত সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে জানান মোমেন।
পরদিন ২৫ জুলাই ইতালির প্রধানমন্ত্রী এইচ ই জর্জিয়া মেলোনির সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ বৈঠকে জ্বালানি সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এছাড়া এফএও, আইএফএডি ও ডব্লিউএফপির নির্বাহীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।











