সমাজে নৈতিক শিক্ষাকে যথাযথ গুরুত্ব না দেওয়ার ফলে নানা ধরনের অধঃপতন ও অবক্ষয় দেখা দিচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, মানুষের মধ্যে নৈতিক শিক্ষার অভাব দেখা দিলে কোনটি ভালো আর কোনটি মন্দ, সেই মৌলিক পার্থক্য অনুধাবন করা কঠিন হয়ে পড়ে। আমাদের অধঃপতনের অন্যতম কারণ নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়া।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো) আয়োজিত ‘ইয়াং জার্নালিস্ট চেঞ্জ মেকার, ভয়েস ফর ভালনারেবল চিলড্রেন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ১৮ বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুর লেখাপড়া ও মৌলিক বিকাশের দায়িত্ব রাষ্ট্রের। তবে অনেক ক্ষেত্রে অভিভাবকদের অসচেতনতা ও উদাসীনতার কারণে শিশুরা মাঝপথেই শিক্ষাজীবন থেকে ঝরে পড়ছে।
তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত পথশিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সার্বিক নিরাপত্তা, পুনর্বাসন ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে।
সমাজের প্রতিটি স্তরে শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী।











