কোনো ঝামেলা না করে ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশের ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, তারা (সরকার) এখনো সমাবেশের স্থান দেয়নি। দায়িত্ব এখন সরকারের, বিএনপি নিয়ম মেনে সমাবেশের আবেদন করেছে।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘দেউলিয়াত্ব ঘোচাতে দুর্ভিক্ষের নাটক? দেশ কোন পথে’ শীর্ষক সেমিনারের আয়োজন করেন নাগরিক ঐক্য।
মির্জা ফখরুল বলেন, সাধারণ মানুষের দুঃখ কষ্ট না দেখে আওয়ামী লীগ নেতারা মালয়েশিয়া, কানাডা, সিঙ্গাপুরের রঙিন জীবন দেখছে। আওয়ামী লীগ সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই দুর্ভিক্ষ হয়। আওয়ামী লীগের যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন, তাদের দুর্নীতি লুটপাট দুর্ভিক্ষের অন্যতম কারণ।
তিনি আরও বলেন, বিধবা ভাতা বা দুস্থ ভাতার ১০ থেকে ২০ শতাংশ কেটে নেয় আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগ এখন জাতির জন্য বোঝা হয়ে গেছে। এটা সরাতে না পারলে সবাই ডুবে যাব। জনগণকে রক্ষা করতে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। জনগণের গণতান্ত্রিক আন্দোলনের বাধা দেয়া এদের নিয়মে পরিণত হয়েছে। মামলা দিয়ে বিএনপি নেতাদের আদালতে ব্যস্ত রাখছে। আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশের অর্জন নষ্ট করছে। আওয়ামী লীগ দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এমন কোনো খাত নেই সেখানে দুর্নীতি হয় না।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ অনেক পুরনো রাজনৈতিক দল, তাদের জনভিত্তি আছে কিন্তু ক্ষমতায় থাকার লালসায় তারা এখন দেউলিয়া হয়ে গেছে।










