রাঙামাটির বাঘাইছড়িতে জিপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তানজিলুর রহমান মিলয় (৩০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
সাজেক থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তানজিলুর রহমান মিলয়ের বাড়ি বরিশাল হলেও তিনি চট্টগ্রামের খুলশী এলাকায় বসবাস করতেন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সাজেক ইউনিয়নের ৮ নম্বর মধ্যপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সাজেক থানা সূত্রে জানা যায়, আজ দুপুর ১টার দিকে মধ্যপাড়া এলাকায় জিপের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটসাইকেল আরোহী তানজিলুর রহমান মিলয় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে খাগড়াছড়ির দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুল আনোয়ার জানান, হাসপাতালে আসার আগেই তানজিলুর রহমানের মৃত্যু হয়েছে।
সাজেক থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হক বলেন, জিপের ধাক্কায় তানজিলুর রহমান মিলয় নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











