প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে গণতান্ত্রিক আন্দোলনে কোনো বাধা নেই পুনর্ব্যক্ত করে বলেছেন, এমনকি তারা যদি প্রধানমন্ত্রীর অফিসও ঘেরাও করতে আসে, গণতন্ত্রে বিশ্বাসী হিসেবে তিনি বিএনপি নেতাদের চা পানে আপ্যায়িত করবেন এবং ধৈর্য্য ধরে তাদের কথা শুনবেন।
আমি তাদের বসাবো, চা খাওয়া। কথা বলতে চাইলে শুনবো। কারণ, আমি গণতন্ত্রে বিশ্বাস করি, বলেন প্রধানমন্ত্রী।
দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের যৌথসভার শুরুতে এ কথা বলেন।
আজ রোববার (২৪ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হন।
কারও নাম উচ্চারণ না করে বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আমিতো বলে দিয়েছি- তারা (বিএনপি) যদি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে আসে, তাদের পুলিশ যেন বাধা না দেয়। বিশেষ করে বাংলামটরে যে বাধা দেওয়া, সেটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। আসুক না হেঁটে হেঁটে যতদূর আসতে পারে। কোনো আপত্তি নেই।
বিএনপির মিছিলে লোক হয় না মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আমি মনে করি, কারও না কারো তো কথা বলা উচিত। কথা যত পারে বলুক। যদিও সারাদিন কথা বলে, তথাপি তারা বলে আমাদের কথা বলতে দেয়নি। মিছিল করে লোক হয় না, বলে আমাদের লোক আসতে দেয় না। এ রকম অভিযোগ তো তারা করে। তাদের কাছে আসবে কেন? কোন আশায় আসবে। সেটা হলো বাস্তব কথা। সেটা একটু চিন্তা করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সব সময় যেকোন দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে আছে। আওয়ামী লীগ সব সময় মানবতার সেবা করে যাচ্ছে। আর কিছু লোক সারাক্ষণ আমাদের দোষ-খুত ধরার চেষ্টায় থাকে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকা মানেই হচ্ছে দুর্নীতি, সন্ত্রাস, অর্থ-পাচার, মানবপাচার এই সব। যারা এসবের সঙ্গে যুক্ত থাকে তারা তো দেশের জন্য কাজ করবে না।
সূত্র: বাসস










