মিছিল সমাবেশ করতে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সহায়তা চেয়েছে জামায়াতে ইসলামী।
সোমবার (২৪ জুলাই) দলটির মজলিশে শুরার সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দপ্তরে যায়।
জামায়াতের কর্মসূচির কথা জানিয়ে তাতে সহযোগিতা চেয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে চিঠি দেন তারা। জামায়াত প্রতিনিধিরা পুলিশ প্রধানের সাক্ষাত পাননি। সদর দপ্তরের ফটকে চিঠি দেন।
দলের কেন্দ্রীয় অফিস সেক্রেটারি আবদুস সাত্তার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, দলীয় আমিরসহ নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ২৮ জুলাই ঢাকাসহ সব বিভাগীয় শহরে ও ৩০ জুলাই সব জেলা সদরে মিছিল এবং ১ আগস্ট রাজধানীতে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনে আইজিপির সহায়তা চাওয়া হয়েছে চিঠিতে।
কর্মসূচি পালনের অনুমতির বিষয়ে বলা হয়নি জামায়াতের চিঠিতে। দলটির সূত্র জানিয়েছে, অনুমতির জন্য সংশ্লিষ্ট এলাকার পুলিশ কমিশনার অথবা পুলিশ সুপারের অনুমতি চাওয়া হবে।
চিঠি দিয়ে এস এম কামাল উদ্দিন জানান, তারা আশা করছেন জামায়াত কর্মসূচি পালনে পুলিশের সহযোগিতা পাবে।
এর আগে সোমবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান। চলতি মাসে সিলেট ও চট্টগ্রামে তিন দফা আবেদন করে সমাবেশের অনুমতি পায়নি দলটি।










