গোপালগঞ্জে মনিরুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৩ আগস্ট) রাতে মৌলভীপাড়া ব্রিজে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তা জেলা বিশেষ শাখার (ডিএসবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত আছেন।
জানা গেছে, সদর উপজেলার হরিদাসপুর ও ফকিরকান্দি এলাকার মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় মনিরুল ইসলামকে মৌলভীপাড়া ব্রিজের ওপরে একা পেয়ে এলোপাতারি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, যারা পুলিশের উপর হামলা করেছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে।











