রেড অ্যালার্ট জারি করেও সরকার তাদের পতন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।
বুধবার (২৪ নভেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জামালপুর জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, সরকারের প্রতিবন্ধকতার জন্য খালেদা জিয়ার জীবনের ওপর যদি কোনও হুমকি আসে, তার জীবন যদি বিপন্ন হয়, তবে রেড অ্যালার্ট জারি করেও সরকার তাদের পতন ঠেকাতে পারবে না। জনগণ জেগে উঠেছে। সব রাজনৈতিক ও সামাজিক শক্তি খালেদা জিয়ার পাশে এসে দাঁড়িয়েছে।
তিনি বলেন, সরকারকে সতর্ক করতে চাই, বিপদ এড়ানোর জন্য বেগম খালেদা জিয়াকে এখনই মুক্তি দেওয়া হোক। আজই তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক।










