spot_img
spot_img

ইসলামি ব্যাংকিং ও অর্থায়ন গবেষণা কেন্দ্র চালু করেছে আফগানিস্তান

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে ইসলামি ব্যাংকিং ও অর্থায়নের উন্নয়নে নিবেদিত একটি নতুন গবেষণা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। কর্মকর্তারা মনে করছেন, দেশটির আর্থিক ব্যবস্থা শক্তিশালী করা এবং প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা থেকে ইসলামি ব্যাংকিংয়ে রূপান্তরের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আরিয়ানা নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়।

আফগানিস্তানে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কর্মকর্তারা বলেছেন, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা থেকে ইসলামি ব্যাংকিং ব্যবস্থায় রূপান্তরের প্রচেষ্টা চলমান থাকায় ইসলামি অর্থায়ন নিয়ে কাজ করা একটি সক্রিয় গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আফগানিস্তানে ইউএনডিপির প্রধান তুরান সালেহ বলেন, দেশটি আন্তর্জাতিক বাজারে সীমিত প্রবেশাধিকার, জনসংখ্যা বৃদ্ধি, ক্ষুদ্র ব্যবসার জন্য অর্থায়ন পাওয়ার সীমাবদ্ধতা এবং বিদ্যুৎ সংকটসহ নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। বর্তমান পরিস্থিতিতে এ ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা দেশটির আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সালেহ আরও বলেন, জাতিসংঘ পরিবারের পক্ষ থেকে ইউএনডিপি এই গবেষণা কেন্দ্রকে সহযোগিতা করছে। প্রতিষ্ঠানটি ইসলামি অর্থায়ন নিয়ে পরিকল্পিত ও টেকসই গবেষণা পরিচালনা করবে বলে তারা আশা করছেন।

এদিকে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, আফগানিস্তানের উল্লেখযোগ্য অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খনিজ সম্পদ, বিদ্যুৎ, ট্রানজিট ও অন্যান্য উন্নয়ন প্রকল্পে আঞ্চলিক বিনিয়োগের সুযোগ রয়েছে। এসব অর্থনৈতিক কর্মসূচি এগিয়ে নিতে বৈজ্ঞানিক ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান প্রয়োজন বলে তারা গুরুত্বারোপ করেছেন।

অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল লতিফ নাজারি বলেন, অন্যান্য দেশে সফলভাবে বাস্তবায়িত উন্নয়ন মডেল আফগানিস্তানেও বিবেচনা করা যেতে পারে। বিশেষ করে নতুন এই গবেষণা কেন্দ্রের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে দেশটির অবকাঠামো, যার মধ্যে আর্থিক অবকাঠামোও রয়েছে, শক্তিশালী করার উদ্যোগ নেওয়া যেতে পারে।

আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক দা আফগানিস্তান ব্যাংকও দেশটির ইসলামি ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এ ধরনের প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরেছে। ব্যাংকটি জানিয়েছে, তারা এসব প্রতিষ্ঠানের কার্যক্রমকে সমর্থন করে।

দা আফগানিস্তান ব্যাংকের ব্যাংকিং তদারকি বিভাগের প্রধান লুতফুল্লাহ খাইরখাহ বলেন, আফগানিস্তানে ইসলামি অর্থায়ন এখনো তুলনামূলকভাবে অনুন্নত একটি ক্ষেত্র। এ বিষয়ে গবেষণা ও আলোচনা এখনও সীমিত পর্যায়ে রয়েছে।

আফগানিস্তানের ইসলামি অর্থায়ন উদ্ভাবন ও জ্ঞান গবেষণা কেন্দ্রটি দেশটির ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করে আর্থিক লেনদেনে ইসলামি অর্থায়ন পদ্ধতির প্রসারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি আফগানিস্তানের ইসলামি আর্থিক ব্যবস্থা শক্তিশালী করতে সুসংগঠিত নীতিমালা প্রণয়ন ও বৈজ্ঞানিক গবেষণায় সহায়তা করার জন্য প্রতিষ্ঠানটি গবেষণা পরিচালনা করবে।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ