গাজ্জা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দায়িত্ব এখন দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের ওপর বর্তেছে বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি। চুক্তির প্রতিশ্রুতি পূরণে দখলদার ইসরাইলকে বাধ্য করতে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাজেদ আল-আনসারি।
আল-আনসারি বলেন, গাজ্জা ও সামগ্রিকভাবে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা এবং বেসামরিক মানুষের বিরুদ্ধে দখলদার ইসরাইলের চলমান অপরাধ ও গণহত্যা বন্ধ করতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য কাতার আন্তরিকতার সঙ্গে কাজ করেছে।
তিনি আরও বলেন, দখলদার ইসরাইলের হামলা অব্যাহত থাকার বিষয়টি প্রমাণ করে যে, ইসরাইলি পক্ষ কোনো শান্তি প্রচেষ্টার ব্যাপারে আগ্রহী নয়।
গাজ্জা উপত্যকাকে কেন্দ্র করে শান্তি পরিকল্পনার বিভিন্ন পর্যায়ে দখলদার ইসরাইলের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিশ্চিত করতে দেশটির ওপর চাপ প্রয়োগের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।
অন্যদিকে, হরমুজ প্রণালি প্রসঙ্গে আল-আনসারি জানান, বিষয়টি আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টার অংশ। তিনি প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার এবং দুই পক্ষের মধ্যে আলোচনায় ফিরে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, আঞ্চলিক নিরাপত্তা অর্জনই অঞ্চলটির নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র পথ।
সূত্র : সাফা নিউজ এজেন্সি











