কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে উখিয়ার ট্রানজিট ক্যাম্প-৭ এর পুলিশ বক্সের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্য থেকে জানা যায়, আগুনে ক্যাম্প-৭ এর পুলিশ বক্স সংলগ্ন ফ্রেন্ডশীপ হাসপাতালের আংশিক পুড়ে যায় এবং ৭-৮টি দোকান ক্ষতিগ্রস্থ হয়।
ক্যাম্পে দায়িত্বরত ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক (পুলিশ সুপার) নাঈমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সংঘঠিত অগ্নিকাণ্ডে রোহিঙ্গা ক্যাম্প-০৭ এর ফ্রেন্ডশিপ হাসপাতাল সংলগ্ন চেকপোস্টের সন্নিকটের কাটাতারের বাহিরে উখিয়া-টেকনাফ সড়কের পশ্চিম পাশে পাকা রাস্তা সংলগ্ন ৭/৮ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস টিম কাজ করছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কোন তথ্য পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা সম্ভব হয়নি।











