সম্প্রতি আমেরিকার কেন্দ্রীয় নেতৃত্বের প্রধান মাইকেল কুরিলার দাবি করেন, আফগানিস্তানে দায়েশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তারা আগামী ছয় মাসেরও কম সময়ের মধ্যে আমেরিকা অথবা পশ্চিমা দেশে কোন ধরনের সতর্কতা ছাড়াই হামলা চালাতে পারে। তবে তার এ মন্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপ তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ।
গতকাল শুক্রবার (২৪ মার্চ) জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইটার বার্তায় এ বিষয়টি প্রত্যাখ্যান করেন।
তিনি বলেন, মাইকেল কুরিলারের এ মন্তব্য সঠিক নয়। আফগানিস্তানের দায়েশ বিদ্রোহীদের দমন করা হয়েছে ও তারা পরাজিত হয়েছে।
তিনি আরো বলেন, এ বিষয়ে মার্কিন কর্মকর্তাদের অতি আগ্রহ ও মহানুভতা দায়েশ বিদ্রোহীদের আরো উৎসাহ প্রদান করছে। তাই এগুলো বন্ধ হওয়া উচিত।
অন্যদিকে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকীও এ বিষয়টি প্রত্যাখ্যান করে বলেন, “আমাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আফগানদের নিজেদের মধ্যে কোন সমস্যা নেই। যারা এই কথিত দাবি করে তারা পরিস্থিতি সম্পর্কে অবগত নয় অথবা এসব দাবির পেছনে তাদের অন্য কোন উদ্দেশ্য রয়েছে।”
তিনি আরো বলেন, “আফগানিস্তানের সীমান্ত এখন নিরাপদ ও সার্বিকভাবে দেশের নিরাপত্তার উন্নতি হয়েছে।”
সূত্র: বাখতার নিউজ এজেন্সি











