spot_img
spot_img

আমেরিকান প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল আমেরিকার প্রতিনিধি দলের। তবে শেষ মুহূর্তে সেই সফর বাতিল করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর বাতিলের তথ্য নিশ্চিত করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘‘আমি এইমাত্র পাকিস্তানে ইরানিদের সঙ্গে দেখা করতে যাওয়া আমার প্রতিনিধিদের সফর বাতিল করেছি।’’

সফর বাতিলের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘‘ভ্রমণে অনেক সময় নষ্ট হচ্ছে, প্রচুর কাজ পড়ে আছে! এছাড়াও তাদের নেতৃত্বের মধ্যে চরম অন্তর্কোন্দল এবং বিভ্রান্তি বিরাজ করছে। এমনকি তারা নিজেরাও জানেন না, এখন তাদের দায়িত্বে কে আছেন।’’

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘‘আমাদের হাতে সব সুযোগ রয়েছে, তাদের হাতে কিছুই নেই! তারা যদি কথা বলতে চায়, তাহলে তাদের কেবল একটি টেলিফোন কল করলেই হবে।’’

তিনি আরও বলেন, ‘‘কিছু না বলে বসে থাকার জন্য ১৮ ঘণ্টার ফ্লাইট আর নয়।’’

ফক্স নিউজ জানিয়েছে, ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদ ত্যাগ করায় আমেরিকার প্রেসিডেন্ট তার বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘‘সব কার্ড এখন আমাদের হাতে। তারা চাইলে যেকোনও সময় আমাদের কল করতে পারে। কিন্তু কোনও ফলপ্রসূ আলোচনা ছাড়াই ১৮ ঘণ্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে বসে থাকার জন্য আর কোনও ফ্লাইট হবে না।’’

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল ইসলামাবাদ সফর শেষ করে পাকিস্তান ত্যাগ করে। শনিবার দিনভর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল অসীম মুনিরসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর তারা পাকিস্তান ছাড়েন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, আব্বাস আরাঘচির সঙ্গে তার ফলপ্রসূ বৈঠক হয়েছে।

শাহবাজ শরিফ বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে অত্যন্ত উষ্ণ ও আন্তরিক মতবিনিময় হয়েছে। পাকিস্তান-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

সূত্র : বিবিসি, আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ