মাহবুবুল মান্নান
দক্ষিণ পুর্ব এশিয়ার সুপ্রসিদ্ধ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামেয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহতামিম ও শায়খুল হাদিস, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব জেনারেল মুফতী আব্দুল হালিম বোখারী (রহ.)-এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ-এর চেয়ারম্যান ও চট্টগ্রাম জামিয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা সুলতান যওক নদভী ও জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া পরিবার।
তিনি বলেন, মুফতী আব্দুল হালিম বোখারী পটিয়া মাদ্রাসার মতো বাংলাদেশের বৃহত্তর একটি মাদরাসা দক্ষ হাতে পরিচালনার পাশাপাশি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল ক্বাওমিয়া বাংলাদেশের অন্যতম সদস্য ও বাংলাদেশের অন্যতম প্রাচীন ক্বওমী শিক্ষাবোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের সেক্রেটারীর দায়িত্ব অত্যন্ত সফলতা ও দক্ষতার সাথে পালন করেন।
শুক্রবার (২৫ জুন) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি এসব কথা বলেন।
আল্লামা সুলতান যওক নদভী বলেন, প্রশাসনিক হাজারো ব্যস্ততার মাঝেও তিনি একজন যুগশ্রেষ্ঠ শায়খুল হাদিস, শিক্ষক, মুফতি ও আরবী-উর্দু,ফারসি ভাষার স্বভাব কবি ছিলেন। সর্বোপরি তাযকিয়া-ইহসান ও আত্মশুদ্ধির জগতেও দ্রুত উন্নতি লাভ করেন। আমাদের মুরব্বী হযরত সদর সাহেব (রহ.)-এর এজাযত প্রাপ্ত হন।পাশাপাশি জাতীয় ও মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তার বুদ্ধিদ্বীপ্ত ভুমিকা ছিলো অতুলনীয়।
মুফতী বোখারীর ইন্তেকালে বাংলাদেশের আলেম-ওলামা ও দ্বীনদার মুসলিম সমাজ একজন সত্যিকারের অভিভাবক হারালো। দেশ হারালো একজন শ্রেষ্ঠ সন্তান। যার শূন্যতা পুরণ হবার নয়।
শোকবার্তায় তিনি আরো বলেন, আমি মুফতী বোখারী (রহ)-এর রূহের মাগফিরাত কামনা করে দু’আ করছি মহান আল্লাহ তা’আলা যেন তার সকল ভুল-ভ্রান্তি ক্ষমা করেন এবং সকল আ’মালে হাসানা কবুল করে জান্নাতের উচ্চ স্থান দান করেন। তার শোক সন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয় স্বজন, অগণিত ছাত্র-শীষ্য ও ভক্ত অনুরাগীকে সবরে জমীল দান করেন।











