spot_img
spot_img

পারমাণবিক অস্ত্রই বিশ্বযুদ্ধ ঠেকানোর একমাত্র কার্যকর প্রতিরোধক : রাশিয়া

পারমাণবিক অস্ত্রই বিশ্বকে আরেকটি বৈশ্বিক যুদ্ধে জড়িয়ে পড়া থেকে রক্ষা করার একমাত্র কার্যকর প্রতিরোধক বলে মন্তব্য করেছে রাশিয়া।

নতুন করে বহুদেশীয় অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কার মধ্যেই এ মন্তব্য করল ক্রেমলিন।

বুধবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

রাশিয়া ও আমেরিকার মধ্যে বিদ্যমান সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’-এর মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। এর ফলে বিশ্বের সবচেয়ে বড় দুই পারমাণবিক শক্তির ওপর থাকা বিভিন্ন সীমাবদ্ধতাও কার্যত উঠে গেছে।

এখন পর্যন্ত চুক্তিটি নবায়ন বা এর বিকল্প কোনো নতুন সমঝোতা করার বিষয়ে দুই দেশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। যদিও উভয় দেশ উচ্চপর্যায়ের সামরিক সংলাপ পুনরায় শুরু করতে সম্মত হয়েছে।

মস্কোয় এক পররাষ্ট্রনীতি বিষয়ক ফোরামে বক্তব্য দিতে গিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে।

তিনি বলেন, বাস্তবে পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা ছাড়া এখন পৃথিবীতে আমাদের আর কিছু অবশিষ্ট নেই। এটিই একমাত্র বিষয়, যা বিশ্বকে একটি বৈশ্বিক যুদ্ধ থেকে রক্ষা করছে।

পেসকভ আরও বলেন, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে নতুন ধরনের অ-পারমাণবিক অস্ত্র তৈরি হবে এবং ভবিষ্যতে এসব অস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা পারমাণবিক অস্ত্রের সমপর্যায়ে পৌঁছাতে পারে।

ইউক্রেনে চার বছরের সামরিক অভিযানে একাধিকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ কারণে ইউরোপ ও আমেরিকা তার বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক হুমকি প্রদর্শনের অভিযোগ তুলেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির পক্ষে মত দিয়েছেন, যেখানে চীনকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।

যদিও চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত বাড়ছে, তবে তা এখনো রাশিয়া ও আমেরিকার তুলনায় অনেক ছোট।

তবে বেইজিং প্রকাশ্যেই এ ধরনের চাপ প্রত্যাখ্যান করেছে।

এদিকে রাশিয়া বলছে, যদি চীনকে নতুন কোনো চুক্তির আওতায় আনা হয়, তাহলে আমেরিকার পারমাণবিক মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্সকেও সেই আলোচনায় অন্তর্ভুক্ত করতে হবে।

‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ শেষ হওয়ার ফলে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র মোতায়েন সীমিত করার কোনো কার্যকর আন্তর্জাতিক চুক্তি বর্তমানে বলবৎ নেই।

২০১০ সালে স্বাক্ষরিত ‘নিউ স্টার্ট’ ছিল স্নায়ুযুদ্ধ-পরবর্তী যুগে টিকে থাকা সর্বশেষ বড় অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি।

এর আওতায় রাশিয়া ও আমেরিকা, উভয় দেশকে সর্বোচ্চ ১ হাজার ৫৫০টি মোতায়েনকৃত পারমাণবিক ওয়ারহেড রাখার অনুমতি দেওয়া হয়েছিল।

তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে দুই দেশই একে অপরের বিরুদ্ধে একাধিকবার চুক্তির শর্ত যথাযথভাবে না মানার অভিযোগ তুলেছিল।

সূত্র: এনডিটিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ