রংপুরের বদরগঞ্জে অর্থ আত্মসাতের মামলায় কারাগারে থাকা মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান আয়নাল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) সকালে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেহেনুমা তারান্নুম এ তথ্য জানান। এর আগে
গত সোমবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মুহাম্মাদ আবু জাফর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্বাস ভঙ্গ, প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে এক কোটি ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আয়নালের হকের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় একটি মামলা হয়। সেই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন তিনি। এ অবস্থায় ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয়। আয়নাল হকের অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদ এবং জনস্বার্থের পরিপন্থী। তাই স্থানীয় সরকার আইন অনুযায়ী ইউপি চেয়ারম্যানের পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।











