সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর দেওয়া বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া।
তিনি বলেন, নাসীরুদ্দীন পাটোয়ারী এই কথা কেন বলেছেন, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অভিযানে বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাজধানীতে সম্প্রতি ককটেল বিস্ফোরণ ও নাশকতার বিষয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের রাজপথের আন্দোলন নিয়ে কথা বলতে শোনা যায় তাকে।
ওই বক্তব্যের একপর্যায়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ১১ দল জোট যে তিনটি দাবি নিয়ে আন্দোলন করছে, সরকার সেগুলো মেনে নিলে ঢাকায় ককটেল আর ফুটবে না। ২১ সেপ্টেম্বরের প্রতিবেদনেও তার এই বক্তব্যের উল্লেখ পাওয়া যায়।
রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো শুধু কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঘটাচ্ছে কি না, নাকি অন্য কেউও জড়িত, এমন প্রশ্নের জবাবে যুগ্ম কমিশনার বলেন, নাসীরুদ্দীন পাটোয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত। তিনি কেন এমন বক্তব্য দিয়েছেন, সেটিও জানতে হবে।
নাসীরুদ্দীন পাটোয়ারীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে কি না, গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে মো. তোফায়েল আহমেদ মিয়া বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।











