স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এখন ৩৪ হাজার সদস্য নিয়ে ডিএমপি চলছে, আগামীতে হয়তো আরও বাড়বে। বঙ্গবন্ধু জনতার পুলিশ হওয়ার আহ্বান জানিয়ে ছিলেন। আজকের পুলিশ জনবান্ধব পুলিশ হয়েছে। মহামারিতে যখন ছেলে মায়ের লাশ ফেলে পালিয়েছিল, তখন পুলিশ তাদের পাশে দাঁড়িয়েছিল।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর নাগরিক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান কামাল বলেন, পুলিশ ঠিকঠাক দায়িত্ব পালন করছে বলেই আমরা একটি নির্ভরযোগ্য শহরে বসবাস করছি।
অনুষ্ঠানে পুলিশ প্রধান বেনজীর আহমেদ বলেন, আমাদের রাজনীতি, অর্থনীতি সবকিছু রাজধানীকে কেন্দ্র করে। এই শহরকে কেন্দ্র করে আমাদের উন্নয়নের অভিযাত্রা। এই উন্নয়ন ধারা ঠিক রাখতে হলে, ঢাকাকে শান্তিপূর্ণ রাখতে হবে। ডিএমপিকে বাংলাদেশ পুলিশের মুখ হিসেবে বলে থাকি। আগামী দিনে ডিএমপি নগরবাসীর সেবা আরও নিশ্চিত করবে।










