spot_img
spot_img

আন্তর্জাতিক স্বীকৃতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে পরাজিত দেশগুলো : আফগান উপ তথ্যমন্ত্রী

তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের সাথে অনেক দেশ সম্পর্ক স্থাপন করতে চাইলেও তাতে পশ্চিমারা বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আফগানিস্তানের উপ তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি দেশ। কিন্তু যেসব দেশ বিগত ২০ বছর ধরে আফগানিস্তানের মাটিতে ব্যর্থ হয়েছে, তারা বর্তমান আফগান সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে বাধা দিচ্ছে।

শনিবার (২৫ মার্চ) স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে জানান।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “যেসব দেশ আফগানিস্তানের মাটিতে আক্রমণ করে লজ্জাজনক ভাবে পরাজিত হয়েছে, তারা এখনো এ বিষয়টিকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। তারাই বর্তমান আফগান সরকারকে অন্যান্য রাষ্ট্রের সাথে সাথে সুসম্পর্ক গড়ে তুলতে বাধা দিচ্ছে।”

তিনি আরো বলেন, “আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য ইমারাতে ইসলামিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের অযৌক্তিক দাবি মেনে নেবে না।”

তিনি বলেন, যেসব উদ্দেশ্য নিয়ে আক্রমণকারীরা আফগানিস্তান হামলা চালিয়েছিলো, তারা এখনো সেসব উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইমারাতে ইসলামীয়া দীর্ঘ সময় লড়াই করে অর্জন করা স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর।

এদিকে গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আফগানিস্তানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিশ্ব সম্প্রদায়কে আফগানিস্তানের সাথে সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন।

সাক্ষাৎকারে আফগানিস্তানের অর্থনৈতিক সংকটের জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক নিষেধাজ্ঞাকে দায়ী করেন।

তিনি আরো বলেন, “আফগানিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে প্রস্তুত, তবে অবশ্যই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।”

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ