সিলেটের ওসমানীনগর উপজেলার দুলিয়ার বন এলাকা থেকে একই পরিবারের পাঁচ লন্ডন প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ জুলাই) সকালে তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তিতে দুপুরে দুইজনের মৃত্যু হয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, সকালে জরুরিসেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে অচেতন অবস্থায় একই পরিবারের পাঁচজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে দুইজন মারা যান। বাকি তিনজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, দুইজনের মরদেহ মর্গে রয়েছে। অসুস্থ অবস্থায় ভর্তি আরও তিনজনের অবস্থাও ভালো না। আমরা যথাসাধ্য তাদেরকে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। খাবারের বিষক্রিয়ায় এমনটি ঘটতে পারে। লাশগুলো ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে। অসুস্থদের সুচিকিৎসার জন্য দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।











