বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ৩ কর্মকর্তার আসবাবপত্র থেকে ২৮ বোতল বিদেশি মদ ও ১২ ক্যান বিয়ার উদ্ধার করেছে বেনাপোল কাস্টমস কর্মকর্তারা।
বুধবার (২৫ আগস্ট) দুপুরে বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার ড. মুহাম্মাদ নিয়ামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনে কর্মরত ডেপুটি ডিরেক্টর প্রদীপ কুমার, অ্যাটাচি লোকনাথ চ্যাটার্জি ও স্টাফ মেম্বার শুভদীপ চক্রবর্তী সম্প্রতি ভারতে বদলি হয়েছেন। যার কারণে বাংলাদেশে তাদের ব্যবহৃত আসবাবপত্রগুলো একটি ট্রাকে (ঢাকা মেট্রো জ-১৪-১৫২৭) করে বেনাপোল বন্দর দিয়ে ভারতে নেওয়া হচ্ছিল।
গত মঙ্গলবার সন্ধ্যায় আসবাবপত্র বোঝায় ট্রাকটি বেনাপোল বন্দরে এসে পৌঁছলে কাস্টমস কর্মকর্তারা সেগুলো পরীক্ষণ করতে গেলে অ্যাটাচি লোকনাথ চ্যাটার্জির আসবাবপত্রের মধ্যে থেকে আট বোতল বিদেশী মদ, ১২ ক্যান বিয়ার ও প্রদীপ কুমারের আসবাবপত্রের মধ্যে থেকে ২০ বোতল বিদেশী মদ উদ্ধার করেন। এ সময় কাস্টমস কর্মকর্তারা মদ ও আসবাবপত্রবাহী ট্রাকটি নিজেদের হেফাজতে নিয়ে যায়। পরে ভালো করে পরীক্ষণ শেষে ট্রাকটি ভারতে প্রবেশের অনুমতি দেন।
বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার ড. মুহাম্মাদ নেয়ামুল ইসলাম জানান, উদ্ধারকৃত বিদেশী মদ ও আসবাবপত্রের ট্রাকটি বেনাপোল কাস্টম হাউজে আনা হয়েছিল। যেহেতু তারা কূটনৈতিক, সেহেতু মদ ও বিয়ার জব্দ করে আসবাবপত্রের ট্রাকটি ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
বিষয়টি কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনকে চিঠি দিয়ে জানানো হবে এবং পরে তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।












