পঞ্চগড়ের বোদা উপজেলায় ইঞ্জিনচালিত নৌকা ডুবে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। নৌকা ডুবির ঘটনার পর রবিবার রাত পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোর থেকে স্থানীয় এবং ৪ টি ডুবুরির দল মরদেহ উদ্ধারে কাজ করছে। সোমবার আরও ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ৬ জনের মধ্যে ৪ জন নারী ২ জন পুরুষ।
রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার মারেয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকার করতোয়া নদীতে শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। কতজন সাঁতরে পার হয়েছে আর কতজন নিখোঁজ রয়েছে তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা ৩১ জনের লাশ উদ্ধার করেছেন। নৌযাত্রীদের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের কালো মেঘে ছেয়ে গেছে সারা পঞ্চগড়। আজও সেখানে চলছে শোকের মাতম। নিখোঁজের স্বজনরা করোতোয়া পারে আহাজারি করছেন।
নিহতদের মধ্যে ১৬ জন নারী, ৮ জন শিশু ও পুরুষ ৭ জন রয়েছেন। আজ সকালে ঘটনাস্থল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ৬ জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপ পরিচালক সৈয়দ মাহাবুবু আলম জানায় পঞ্চগড় রংপুর কুড়িগ্রাম ও রাজশাহী থেকে ৩টি ডুবুরি দল সকাল থেকে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থল থেকে ভাটি অংশের ২৫/৩০ কিলোমিটার পর্যন্ত অভিযান চালানো হবে। গতরাতে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিটি পরিবারে শোকের মাতম চলছে।











