মানিকগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় চীনা নাগরিক চেন ইয়ংকে (৪১) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে তাকে আদালতে হাজির করা হলে বিচারক দোলন বিশ্বাস কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান ওসি।
গ্রেপ্তার চেন ইয়ং উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ২৩ নম্বর শাহারা র্যাপসোডিয়া বাড়ির সপ্তম তলায় ভাড়া থাকতেন।
নির্যাতনের শিকার স্কুলছাত্রীর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়। সে উপজেলার একটি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী। তাকে কোথাও খুঁজে না পেয়ে পরদিন বুধবার (১৮ নভেম্বর) তার বাবা মানিকগঞ্জ সদর থানায় নিখোঁজসংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালায়। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের মানিকগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা মানিকগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় চেন ইয়ংকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়।
মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চেন ইয়ংকে হাজির করা হলে বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে। ইতোমধ্যে নির্যাতনের শিকার স্কুলছাত্রীর সব ধরনের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।











