আওয়ামী লীগ ইতিহাস বিকৃতির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই ইতিহাস বিকৃতি করেছে। তারা মানুষের মন থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চায়।
আজ রবিবার (২৭ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, চট্টগ্রাম থেকেই সরকার পতনের অন্দোলন শুরু করতে হবে। ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করেছে তারা। অনতিবিলম্বে জনগণের ভোটের অধিকার দিতে হবে।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক, ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।










