spot_img
spot_img

৮৭ দিন পর ইরানে ইন্টারনেট চালু

ইরানে দীর্ঘ ৮৭ দিন পর আন্তর্জাতিক ইন্টারনেট পরিষেবা চালুর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সোমবার (২৫ মে) সাইবার স্পেস পরিচালনাকারী শীর্ষ সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে বৈঠকের পর এ নির্দেশ দেন তিনি।

ইরানের যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশনার পর আন্তর্জাতিক ইন্টারনেট পরিষেবা আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিনের সীমাবদ্ধতার পর দেশটিতে আবারও ধাপে ধাপে ইন্টারনেট চালু হতে শুরু করেছে।

সোমবারের বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ানসহ ১২ জন উপস্থিত ছিলেন। বৈঠকে ইন্টারনেট চালুর বিষয়ে ভোটাভুটি হয়। এতে ৯ জন ইন্টারনেট চালুর পক্ষে এবং ৩ জন বিপক্ষে ভোট দেন।

গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। আন্দোলন তীব্র হওয়ার পর ৮ জানুয়ারি দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় ইরান সরকার। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে ২৩ জানুয়ারি আংশিকভাবে ইন্টারনেট চালু করা হয়।

২৩ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সীমিত আকারে ইন্টারনেট ব্যবহার করতে পারছিলেন ইরানিরা। এরপর ২৮ ফেব্রুয়ারি আমেরিকা-ইসরাইল জোটের হামলা শুরু হলে আবারও ইন্টারনেট বন্ধ করে দেয় তেহরান।

টানা ৪০ দিন যুদ্ধ চলার পর ৮ এপ্রিল ইরানে যুদ্ধবিরতি ঘোষণা করে আমেরিকা। তবে যুদ্ধবিরতির পরও দেশটিতে আন্তর্জাতিক ইন্টারনেট পরিষেবা পুরোপুরি চালু করা হয়নি।

সাম্প্রতিক সময়ে আমেরিকা ও ইরানের মধ্যে স্থায়ী শান্তিচুক্তির সম্ভাবনা জোরদার হয়েছে। একই সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে। এমন পরিস্থিতিতে ইন্টারনেটের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার।

তবে ইন্টারনেট চালু হলেও সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থাকা কিছু নিষেধাজ্ঞা এখনো বহাল থাকতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

সূত্র : মেহের নিউজ, ফার্স নিউজ, রয়টার্স, গার্ডিয়ান, এপি, ইরান ইন্টারন্যাশনাল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ