spot_img
spot_img

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: রাতভর যা ঘটেছে জানাল কর্তৃপক্ষ

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনার রাতে কী ঘটেছিল, সে বিষয়ে নিজেদের প্রাথমিক ব্যাখ্যাও তুলে ধরেছে তারা।

বুধবার (২৭ মে) হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৬ মে দিবাগত রাত ২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পোস্ট অপারেটিভ ওয়ার্ড-২-এ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চালু ছিল। তবে ওই ওয়ার্ডে থাকা একাধিক নবজাতকের মা এসি বন্ধ করার অনুরোধ জানান। পরে দায়িত্বরত নার্সরা এসিগুলো বন্ধ করে দেন।

কর্তৃপক্ষ জানায়, রাত ৩টার দিকে আবার এসি চালু করা হয়। এরপর রাত ৪টার দিকে এক নবজাতক অস্বাভাবিকভাবে কান্না শুরু করলে তাকে দ্রুত নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র এনআইসিইউতে নেওয়া হয়। পরে একই ধরনের পরিস্থিতি দেখা দিলে আরও ৫ নবজাতককে দ্রুত এনআইসিইউতে স্থানান্তর করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সকাল ৬টার দিকে প্রথম নবজাতকের মৃত্যু হয়। এরপর সকাল ৬টা থেকে ৯টার মধ্যে পর্যায়ক্রমে আরও ৫ নবজাতকের মৃত্যু হয়।

কর্তৃপক্ষ জানায়, ওই ওয়ার্ডে সদ্য সন্তান প্রসব করা মায়েরা শিশুদের সঙ্গে অবস্থান করছিলেন। রাতের শিফটে সেখানে ৩ জন নার্স দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার পরপরই হাসপাতালের ঊর্ধ্বতন দায়িত্বশীল কর্মকর্তারা হাসপাতালে উপস্থিত হন। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সদস্যরা বিষয়টি খতিয়ে দেখতে হাসপাতালে অবস্থান করছেন বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আদ্-দ্বীন কর্তৃপক্ষ বলেছে, এ ধরনের মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা কেন ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগকে এ বিষয়ে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষও অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে।

কর্তৃপক্ষ আরও জানায়, এ ঘটনায় কারও গাফিলতি কিংবা ত্রুটি চিহ্নিত হলে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের এইচ আর এন্ড কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুলের পাঠানো বক্তব্যে এসব তথ্য জানানো হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ