spot_img
spot_img

ইসরাইল ছাড়া আমেরিকার অস্তিত্ব থাকবে না: মাইক হাকাবি

ইসরাইলে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, ইসরাইল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না।

গত মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত হেরোডিয়াম ন্যাশনাল পার্কে আয়োজিত এক বসতি স্থাপনকারী সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইসরাইলি সংবাদমাধ্যম মা’রিভের প্রতিবেদন অনুযায়ী, এই অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘জুডিয়া এবং সামারিয়ায় ইসরাইলি ঐতিহ্য ও প্রত্নতত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন’।

উল্লেখ্য, ‘জুডিয়া এবং সামারিয়া’ হলো পশ্চিম তীরের জন্য ইসরাইল কর্তৃক ব্যবহৃত বাইবেলীয় পরিভাষা।

সম্মেলনে দেওয়া ভাষণে হাকাবি বলেন, তার ভূমিকা কেবল ইসরাইলে আমেরিকার প্রতিনিধিত্ব করা নয়, বরং আমেরিকার কাছে ইসরাইলের গুরুত্ব পৌঁছে দেওয়াও।

ইসরাইলি ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহুকে উদ্দেশ্য করে দেওয়া বক্তব্যে হাকাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই দিনই করা একটি মন্তব্যের পরোক্ষ প্রতিক্রিয়া জানান বলে মনে করা হচ্ছে।

হাকাবি বলেন, ‘এটি নিঃসন্দেহে আপনাদের ঐতিহ্য, তবে এটি আমেরিকারও ঐতিহ্য। ইসরাইল ছাড়া, ইহুদি ভিত্তি ছাড়া, আমেরিকা থাকবে না। এই ভূমিতে যা ঘটেছিল, তার কাছেই আমরা আমাদের অস্তিত্বের জন্য ঋণী।’

২০২৫ সালের এপ্রিল থেকে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা হাকাবি এই মন্তব্য করেন ট্রাম্পের বক্তব্যের ঠিক কয়েক ঘণ্টা পর।

ফ্রান্সে জি-৭ সম্মেলনের এক ফাঁকে ট্রাম্প বলেছিলেন, ‘আমি এবং আমেরিকা ছাড়া ইসরাইলের কোনো অস্তিত্ব থাকবে না।’

সূত্র: মা’রিভ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ