ইসলাম শিক্ষা ও জাগতিক বিষয়ের আধুনিক শিক্ষা নিয়ে নিজেদের মতামত তুলে ধরে বক্তব্য দিয়েছেন আফগান ডেপুটি শিক্ষামন্ত্রী মুহাম্মদ তাহির আহমাদি ও দাওয়াহ অধিদপ্তরের প্রধান মুহাম্মদ হাশেম শহীদ ওয়ার।
বুধবার (২৬ জুলাই) কাবুলের এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তারা।
দাওয়াহ অধিদপ্তরের প্রধান হাশেম শহীদ ওয়ার বলেন, প্রতিটি ক্ষেত্রে নারী ও পুরুষের জন্য যে শিক্ষা বাধ্যতামূলক বলে আমরা উল্লেখ করে থাকি তা হলো ইসলামী শিক্ষা। নারী-পুরুষের জন্য আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া ফরজ নয়, ফরজ হলো ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া।
এসময় তিনি আধুনিক শিক্ষায় শিক্ষিতদের অন্যতম ড্রেসকোড ‘নেক টাইয়ের’ বিষয়ে বলেন, নেক টাইয়ের উৎপত্তি খ্রিস্টানদের ক্রুশ থেকে। এবিষয়ে ইসলামের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। শরীয়তে ক্রুশের ব্যাপারে বলা হয়েছে, তোমরা এটিকে ভেঙ্গে নিশ্চিহ্ন করে ফেলো। তিনি আরো বলেন, ক্রুষ পৌত্তলিকদের প্রতীক। তারা ক্রুশকে ঈসা (আ:) এর মৃত্যুর চিহ্ন হিসেবে নিজেদের সাথে ধারণ করে। আর বিশ্বাস করে যে, এভাবে লটকিয়ে হত্যা করা হয়েছিলো। অথচ ঈসা (আ:) মৃত্যুবরণ করেননি শেষ যমানায় আগমন করবেন এটি আমাদের ঈমানের অংশ।
আধুনিক শিক্ষায় শিক্ষিতদের মৌলিক শরয়ী জ্ঞানের ঘাটতি রয়েছে এর উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, আজকালকার চিকিৎসকদের ইসলাম শিক্ষার যথেষ্ট ঘাটতি রয়েছে। চিকিৎসা পেশায় তারা বিভিন্ন হারাম কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো, পুরুষ কর্তৃক নারীদের চিকিৎসা সেবা প্রদান। যা সম্পূর্ণ হারাম।
আর আফগান ডেপুটি শিক্ষামন্ত্রী মুহাম্মদ তাহির আহমাদি বলেন, আধুনিক শিক্ষার জ্ঞানলাভের গুরুত্বও অনেক। এটিও বাধ্যতামূলক। ইসলাম শিক্ষার পাশাপাশি আফগানদের এটিও অর্জন করতে হবে।
এবিষয়ে তিনি আরো বলেন, বিভিন্ন ধরণের সমস্যার সমাধান ও দারিদ্রতা-দুর্দশার বিমোচন যে জ্ঞান অর্জনের মাধ্যমে পাওয়া যায় সেটিও মুসলিমদের জন্য বাধ্যতামূলক। তাই আধুনিক শিক্ষাও মুসলিমদের জন্য বাধ্যতামূলক।
এছাড়া আফগান সাইন্স একাডেমির ডেপুটি প্রধান আমির জান সাকিব বলেন, একজন শিক্ষিত মুসলিম ওই ব্যক্তি থেকে হাজার গুণে উত্তম যে শিক্ষিত নয়।
সূত্র: টলো নিউজ











