আমেরিকার সাথে বৈঠকে বসতে যাচ্ছে আফগানিস্তান। বৃহস্পতিবার (২৭ জুলাই) আমেরিকা ও আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহহার বলখি টুইট বার্তায় উল্লেখ, উপ-পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী এই মাসের শেষদিকে তালেবান নেতৃত্বাধীন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে আমেরিকার সাথে বৈঠকের উদ্দেশ্যে দোহা সফরে যাবেন। বৈঠকে তালেবান নেতাদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে তৈরি ব্ল্যাকলিস্ট তুলে নেওয়ার, আটকে রাখা আফগান রিজার্ভ হস্তান্তরের ও আমেরিকা কর্তৃক আফগান আকাশ সীমা লঙ্ঘনের বিষয়কে প্রাধান্য দেওয়া হবে।
তালেবান নেতৃত্বাধীন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি কাতারের সাথেও পৃথক বৈঠকে মিলিত হবে বলে জানান তিনি।
অপরদিকে দোহা সফরের বিষয়টি নিশ্চিত করে আমেরিকার পক্ষ থেকে বলা হয়, এই সপ্তাহের দোহা সফরে তালেবান প্রতিনিধি ও মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে মার্কিন কর্মকর্তারা বৈঠকে বসতে যাচ্ছেন।
বৈঠকে অর্থনৈতিক স্থিতিশীলতা, ত্রাণ সহায়তা, নারী ও মেয়ে শিশুসহ সকল আফগানের সাথে ন্যায্য আচরণ, তাদের অধিকার রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা, মাদকদ্রব্য উৎপাদন ও পাচার রোধে প্রচেষ্টা বিষয়ে আলোচনা করা হবে।
এসবের মাধ্যমে আমেরিকা তালেবান নেতৃত্বাধীন সরকারকে এক প্রকার স্বীকৃতি দিচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে আমেরিকার মুখপাত্র ভেদান্ত প্যাটেল বলেন,, স্বার্থ রক্ষা হবে এমন যে কোনো বিষয়ে আমরা তালেবানের সাথে কাজ করবো। এটা আগ থেকেই স্পষ্টভাবে বলে আসছি আমরা। তারমানে এই নয় যে, আমরা তাদের স্বীকৃতি দিচ্ছি কিংবা সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে তাদের বৈধতা দিচ্ছি।
এসময় তিনি আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি, নারী ও মেয়ে শিশুদের নিরাপত্তা ও অধিকারের বিষয়ে আমেরিকার পূর্বের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা পুনরায় স্মরণ করিয়ে দেন।
সূত্র: মিডল ইস্ট মনিটর ও আল ইমারাহ










