নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্যের সময় সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়া কূটনীতিকদের ‘নৈতিকভাবে কাপুরুষ’ বলার জবাব দিয়েছেন আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাটরিন গুনারসদোত্তির।
তিনি বলেন, নৈতিকভাবে কাপুরুষ তারাই, যারা আলোচনার টেবিলে বসতে অস্বীকৃতি জানায় অথবা বেসামরিক মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেয়।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে নেতানিয়াহু ওঠার পর বিভিন্ন দেশের প্রতিনিধিদলের কূটনীতিকরা একযোগে সভাকক্ষ থেকে বেরিয়ে যান। প্রতিবাদ হিসেবে নেওয়া এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে নেতানিয়াহু বেরিয়ে যাওয়া কূটনীতিকদের আক্রমণ করেন এবং তাদের ‘নৈতিকভাবে কাপুরুষ’ বলে অভিহিত করেন।
এর জবাবে জাতিসংঘের একই মঞ্চে গুনারসদোত্তির বিশ্বের সেসব নেতার কঠোর সমালোচনা করেন, যারা তাঁর ভাষায়, ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনায় বসতে অস্বীকৃতি জানান, প্রয়োজনীয় মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেন এবং বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেন বা তা উপেক্ষা করেন।
গুনারসদোত্তির বলেন, ‘নৈতিকভাবে কাপুরুষ’ তারাই, যারা আলোচনার টেবিলে বসতে অস্বীকৃতি জানায় অথবা বেসামরিক মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেয়। তিনি সতর্ক করে বলেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অন্য সংকটগুলো যেন আড়ালে পড়ে না যায়।
ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি বেসামরিক মানুষের দুর্ভোগকে ‘পেছনের নিছক শব্দ’ হিসেবে পরিণত হতে দেওয়া যায় না। তিনি বলেন, শিশুদের হত্যা অব্যাহত রয়েছে, পরিবারগুলো তাদের ঘরবাড়ি হারাচ্ছে এবং বাবা-মায়েরা নিজেদের সন্তানদের বাঁচিয়ে রাখার চেষ্টা করতে গিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।
তিনি গাজ্জা উপত্যকাকে বারবার ধ্বংস ও পুনর্নির্মাণের চলমান প্রক্রিয়ারও সমালোচনা করেন। একই সঙ্গে সংঘাতের যেসব ‘মূল কারণ’ রয়েছে, তা সমাধান না করেই গাজ্জার ধ্বংস ও পুনর্নির্মাণ বারবার চালিয়ে যাওয়ার সমালোচনা করেন তিনি।
পশ্চিম তীরের পরিস্থিতির কথাও তুলে ধরেন আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে ইসরাইলি বসতি সম্প্রসারণ অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, দায়মুক্তির পরিবেশ, উসকানিমূলক বক্তব্য এবং এসব কর্মকাণ্ডকে সহজতর করে এমন নীতির মধ্যে ফিলিস্তিনিরা ইসরাইলি বসতিস্থাপনকারীদের হাতে সহিংসতার শিকার হচ্ছেন।
সূত্র : সাফা নিউজ











