চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তার দেশ আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখবে কিন্তু দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।
মঙ্গলবার (২৬ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
সাক্ষাতে চীনের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের জনগণের জন্য মানবিক সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া চীনের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে সমঝোতায় পৌঁছেছে আফগানিস্তান।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বলেন, দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যত রূপরেখা ঠিক করা হয়েছে।
তিনি আরও বলেন, চীনে আফগান ব্যবসায়ীদের সহজে বাণিজ্য করার সুযোগ দেওয়া, আফগানিস্তান থেকে চীনে ওষুধের কাঁচামাল রপ্তানি এবং চীনে আফগান ছাত্রদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার বিষয়েও দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে। একইসঙ্গে আমির খান মুত্তাকি ওয়াং ই’কে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে, আফগানিস্তানের ভূমি চীনবিরোধী তৎপরতায় ব্যবহার করতে দেওয়া হবে না।
সূত্র: পার্সটুডে











