মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটে ‘মিরপুর-১০’ স্টেশন আগামীকাল (বুধবার) থেকে চালু হচ্ছে। অর্থাৎ এ স্টেশন থেকে যাত্রীরা তাদের নিজ নিজ গন্তব্যে যাতায়াত করতে পারবেন। এটি মেট্রোরেলের চালু হওয়া পঞ্চম স্টেশন।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে জানতে চাইলে মিরপুর-১০ স্টেশনের সহকারী ম্যানেজার সামিউল কাদীর বলেন, আমাদের সব প্রস্তুতি শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন এখন শুধু ধোয়া-মোছার কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সকাল থেকে যাত্রীরা এই স্টেশনটি ব্যবহার করতে পারবেন।
স্টেশনটি চালু হলে মিরপুরের বাণিজ্যিক এলাকা হিসেবে খ্যাত মিরপুর-১০ নম্বর থেকে যাত্রীরা অনায়াসে মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন। এ স্টেশন চালু হওয়ায় এখন থেকে মেট্রোরেলে আরও বেশি যাত্রী যাতায়াত করবে বলে প্রত্যাশা করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, মিরপুর-১০ অধিক জনবহুল এলাকা। এখান থেকে আমরা অধিক সংখ্যক যাত্রী পাব। তবে, স্টেশন ও মেট্রোট্রেন ব্যবহারে এই এলাকার মানুষের অভ্যস্ত হতে ১৫/২০ দিন সময় লাগবে।
তিনি বলেন, টিকিটি ভেন্ডিং মেশিনে (টিভিএম) টাকার নতুন নোট ব্যবহারের অনুরোধ জানাচ্ছি।
মিরপুর-১০ থেকে উত্তরা উত্তর স্টেশনের ভাড়া ৪০ টাকা, উত্তরা সেন্টার ও দক্ষিণ স্টেশনের ভাড়া ৩০ টাকা, পল্লবী ২০ টাকা ও আগারগাঁও ২০ টাকা।











