ইউক্রেনের চুরি করা শস্য খালাস করায় ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি অভিযোগ করেছেন, ইসরাইলি নেতারা জানা সত্ত্বেও তাদের চুরি করা শস্য ইসরাইলি বন্দরে খালাস করা হয়েছে।
এখন এমন শস্যবাহী আরেকটি জাহাজ পৌঁছেছে, সেটিও খালাসের প্রস্তুতি চলছে। যারা এই চুরির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।
মঙ্গলবার (২৮ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক বার্তায় এ অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “চুরিকৃত শস্যের আরেকটি জাহাজ ইসরাইলের বন্দরে পৌঁছেছে এবং তারা সেটি খালাস করার প্রস্তুতি নিচ্ছে। এটি বৈধ ব্যবসা হতে পারে না। ইসরাইলি নেতারা অবশ্যই জানেন তাদের বন্দরে এমন শস্য আসছে এবং কোন কার্গো খালাস করা হচ্ছে সেটিও তারা জানেন।
এরআগে গতকাল ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেন ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, তাদের অধিকৃত ভূখণ্ডে উৎপাদিত শস্য রাশিয়া চুরি করে ইসরাইলে পাঠিয়েছে। যেগুলো ইসরাইল আবার গ্রহণও করছে।
ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, প্যানরোমিটিস নামের একটি জাহাজ ইসরাইলের হাইফা বন্দরে নোঙর করেছে। এই জাহাজটি ইউক্রেনের অধিকৃত অঞ্চলের শস্য নিয়ে এসেছে। এই বছর এমন চারটি জাহাজ থেকে পণ্য খালাস করেছে ইসরাইল।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার দাবি করেছেন, এসব শস্য চুরিকৃত, এমন প্রমাণ ইউক্রেন দেখাতে পারেননি। তিনি অভিযোগ করেন, মিডিয়ার মাধ্যমে ইউক্রেন কূটনীতি করছে।
তবে জেলেনস্কি বলেন, তারা আগেও কূটনৈতিক পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও আরেকটি চোরাই শস্যবাহী জাহাজ ইসরাইলে নোঙর করেছে।
সূত্র: টাইমস অব ইসরাইল











