পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সোচ্চার হওয়া উচিত।
তিনি বলেন, রোহিঙ্গা মুসলমানদের উপর নিপীড়ন বন্ধে জোরালো কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ রোহিঙ্গা নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়া।
সোমবার (২৮ জুন) ‘দক্ষিণ এশীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তার চ্যালেঞ্জ পর্যালোচনা’ শীর্ষক এক আন্তর্জাতিক ওয়েবিনারে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের সমস্যা বাংলাদেশসহ গোটা অঞ্চলের ওপরই প্রভাব ফেলছে।
তিনি আরও বলেন, মিয়ানমারের বিশাল মুসলিম গোষ্ঠীর ওপর নির্যাতন-নিপীড়নের বিষয়ে নীরবতা হচ্ছে বিপজ্জনক। কারণ এক সময় আসবে তা গোটা অঞ্চলকেই ক্ষতির মুখে ঠেলে দেবে। বাংলাদেশের মতো অন্যরাও এই সংকটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে।
পররাষ্ট্রমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে রোহিঙ্গা সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।











